মধ্যপ্রাচ্যে ৪ বাংলাদেশি আহত, বড় ক্ষয়ক্ষতির খবর নেই

মধ্যপ্রাচ্যে ৪ বাংলাদেশি আহত, বড় ক্ষয়ক্ষতির খবর নেই

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে এখন পর্যন্ত চার বাংলাদেশি আহত হয়েছে, তবে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নূরুল হক।

আজ রোববার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। তাই সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদে ও শান্ত থাকার জন্য আহবান জানানো হয়েছে।

তিনি প্রবাসীদের জন্য কিছু জরুরি নির্দেশনা প্রদান করেন, যার মধ্যে চলাচলের সময় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার কথা উল্লেখ করেন। এছাড়া যেকোনো ধরনের সামরিক স্থাপনা এড়িয়ে চলতে হবে এবং প্রয়োজনে স্থানীয় বাংলাদেশি দূতাবাসের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হবে।

অভিবাসন ব্যয় ও দালাল চক্র প্রসঙ্গে নূরুল হক বলেন, অনেকেই দালালদের খপ্পড়ে পড়ে সর্বস্ব হারাচ্ছেন এবং বিভিন্ন এজেন্সির অনিয়ম রয়েছে। এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

বিদেশে গমনেচ্ছুদের ভোগান্তি ও অতিরিক্ত খরচ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, প্রতারক ও দালাল চক্রের কারণে বাংলাদেশের মানুষদের প্রবাসে যেতে অতিরিক্ত টাকা খরচ হচ্ছে। অভিযোগগুলোর ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং অভিবাসন ব্যয় কমানোর লক্ষ্যে কাজ করা হচ্ছে।

প্রতিমন্ত্রী মো. নূরুল হক গত শুক্রবার পটুয়াখালী সফরে আসেন। এটি তার প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথম সফর। সফরের প্রথম দুদিন তিনি গলাচিপা ও দশমিনায় বিভিন্ন সরকারি ও দলীয় কর্মসূচিতে অংশ নেন।

আরও পড়ুন