স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে। আইনশৃঙ্খলা যতটুকু খারাপ ছিল, এটাকে উন্নত করার চেষ্টা করতেই হবে। বুধবার সচিবালয়ে সরকার গঠনের পর প্রথম কর্মদিবসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সরকারের চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, চ্যালেঞ্জ হচ্ছে দেশকে গড়ে তোলা। প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়ন করে মন্ত্রিসভা বাংলাদেশের মানুষের সমস্যা সমাধান ও দেশকে এগিয়ে নিয়ে যাবে। গণতন্ত্রকে উপাদান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সবকিছুর মধ্যেই গণতন্ত্র থাকবে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় তৃণমূল মানুষের সঙ্গে সম্পর্কযুক্ত।
দেশের আইনশৃঙ্খলা, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি ভঙ্গুর দাবির জবাবে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে। অর্থনীতি ও ব্যাংক ব্যবস্থা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে এবং সমন্বিত প্রচেষ্টায় এগুলো আরও ভালো করা যাবে।
গত দেড় বছর মবজাস্টিস হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, এটাকে নিয়ন্ত্রণ করা হবে। তিনি বলেন, একটা বড় ঝড়, বিপ্লব ও গণঅভ্যুত্থানের পর এক-দেড় বছর অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হয়ে একটি নির্বাচিত সরকার গঠন একটি বড় অর্জন।
আওয়ামী লীগ বিহীন নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে সবাই বলছে এটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়েছে এবং তাই এটি সকলের কাছে গ্রহণযোগ্য হয়েছে। আওয়ামী লীগের বিষয়ে সরকারের সিদ্ধান্ত রাজনৈতিক আলোচনার পরে জানানো হবে।
অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন নেই বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার বিশেষ মুহূর্তে দায়িত্ব নিয়ে গণতন্ত্রে উত্তরণের মূল কাজটি করে দিয়েছে এবং তাদের কৃতিত্ব দিতেই হবে।
