টাঙ্গাইলের মির্জাপুরে একটি তেলবাহী কাভার্ডভ্যান উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের শুভুল্যা সেতুর পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরাঞ্চলগামী সিরাজুল মটরস নামের কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর আড়াআড়ি অবস্থায় উল্টে যায়। দুর্ঘটনার সময় গাড়িটির সামনের অংশ সড়ক বিভাজকের ওপর উঠে যায় এবং সামনের দিকটি দুমড়েমুচড়ে যায়। এর ফলে কাভার্ডভ্যানের তেলের ট্যাংক ছিদ্র হয়ে ডিজেল পড়তে শুরু করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার পরে চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ভিড় করে এবং তারা তেলের ট্যাংক থেকে ঝরতে থাকা ডিজেল বালতি, পলিথিন ও বিভিন্ন পাত্রে সংগ্রহ করেন। এ সময় শুভুল্যা গ্রামের বাসচালক রুবেল মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি লৌহদণ্ড দিয়ে ট্যাংকের মুচড়ে যাওয়া অংশ সোজা করার চেষ্টা করেন এবং পরবর্তীতে সাবান ব্যবহার করে তেল পড়া বন্ধ করার চেষ্টা করেন।
দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওই অংশ দিয়ে উত্তরাঞ্চলগামী যান চলাচল কিছু সময় বন্ধ থাকে। পরে যানবাহন সার্ভিস লেন দিয়ে চলাচল করলেও শুভুল্যা থেকে ইচাইল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার জানান, দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানটি রেকার দিয়ে সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
