মাদারীপুরের রাজৈরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক মাদ্রাসাছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে। প্রধান আসামি তামিম মাতুব্বরকে সোমবার (৯ মার্চ) সকালে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, ১৫ বছর বয়সী ওই কিশোরী রাজৈর উপজেলার একটি মহিলা মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্রী। তামিম মাতুব্বর তাকে একাধিকবার প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় গত শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে তাকে জোরপূর্বক ইজিবাইকে তুলে নিয়ে যায় তামিম ও তার সহযোগীরা।
ধর্ষণের পর ওই ছাত্রীর পরিবার তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। রোববার রাতে নির্যাতিতার বাবা রাজৈর থানায় তিনজনকে আসামি করে ধর্ষণের মামলা দায়ের করেন।
নির্যাতিতার পরিবার ধর্ষক ও তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। বর্তমানে ওই শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, তার শারীরিক অবস্থার উন্নতি হলেও ভয় ও আতঙ্ক কাটেনি। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, প্রধান আসামি তামিমকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।
