মায়ের সঙ্গে ঈদের পোশাক কিনতে গিয়ে দেওয়াল ধসে স্কুলছাত্রের মৃত্যু

মায়ের সঙ্গে ঈদের পোশাক কিনতে গিয়ে দেওয়াল ধসে স্কুলছাত্রের মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি দোকানের নির্মাণাধীন দেওয়াল ভেঙে চাপা পড়ে ফাহাদ হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ফাহাদ তার মায়ের সঙ্গে ঈদের পোশাক কিনতে গিয়েছিল। মায়ের সামনেই ছেলের মৃত্যু দেখে তিনি অচেতন হয়ে হাসপাতালে চিকৎসাধীন রয়েছেন।

রোববার (৮ মার্চ) দুপুরে রামগঞ্জ উপজেলা শহরের চৌরাস্তা এলাকায় আল মনসুত ড্রাগ হাউসের নির্মাণাধীন দোকানের দেওয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও ৫ জন আহত হন, এর মধ্যে খোরশেদ আলমের কোমর গুরুতরভাবে ভেঙে যায় এবং তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ফাহাদ স্থানীয় নিচহরা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এবং রামগঞ্জ পৌরসভার বাঁশঘর গ্রামের আলমগীর হোসেন বকুলের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ফাহাদ ও তার মা নাছিমা বেগম মেশিন মেরামতের জন্য আসেন এবং তারা আল মনসুর ড্রাগ হাউসের সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে নির্মাণাধীন দেওয়াল তাদের ওপর ধ্বসে পড়ে।

ফাহাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অভিযোগ রয়েছে, পৌরসভার অনুমতি ছাড়াই সরকারি খালের ওপর দোকানটি নির্মাণ করা হচ্ছিল।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম বলেন, দোকান নির্মাণে অনুমতি নেওয়া হয়নি এবং পুরোনো দেওয়ালটি ভেঙে পড়েছে। রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ফাহাদ ও তার মা পথচারী ছিলেন এবং এ ঘটনায় কেউ আটক নেই। তদন্ত চলছে।

আরও পড়ুন