মালিক বা শ্রমিকদের কল্যাণে রেজিস্ট্রেশন করা কোনো সমিতি নির্ধারিত হারে টাকা নিলে সেটা চাঁদাবাজি নয় বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে ঈদযাত্রার প্রস্তুতি নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন। মন্ত্রী বলেন, ‘মালিক সমিতি তাদের কল্যাণে নির্ধারিত হারে ঐক্যবদ্ধভাবে অথবা সর্বসম্মতিতে তারা তাদের কল্যাণে একটা চাঁদা গ্রহণ করে বা নিয়মিত নেন। এটাকে আমি বলছি চাঁদাবাজি নয়।’
তিনি আরও বলেন, ‘একটা সমিতির রেজিস্ট্রেশন হয়েছে, সেই সমিতি তাদের কল্যাণে একটি অর্থ কালেক্ট করার যদি বৈধতা থাকে সেটাকে আপনি চাঁদাবাজি কেন বলবেন।’
মন্ত্রী রবিউল আলম উল্লেখ করেন, ‘যে সমিতির বা সংগঠনের বৈধতা নেই তারা যদি স্বেচ্ছাচারীভাবে মালিক বা শ্রমিকদের কাছ থেকে চাঁদা নেয়, এমন তথ্য পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি বলেন, ‘ঈদযাত্রায় সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। আইনশৃঙ্খলা বাহিনীসহ পরিবহন সেক্টরের সবাই তৎপর আছে। আমাদের মন্ত্রণালয় থেকে মনিটরিং করা হবে।’
এর আগে, ১৯ ফেব্রুয়ারি সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী রবিউল বলেছিলেন, সড়কে পরিবহন থেকে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া হলে সেটা চাঁদা নয়। তার এ বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয় এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) উদ্বেগ প্রকাশ করে।
