মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের স্টেনোটাইপিস্ট মো. মিজানুর রহমানের ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ পরিস্থিতিতে মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয় বিব্রত হয়ে পড়েছে। অভিযোগের প্রেক্ষিতে মিজানুর রহমানকে তিন দিনের মধ্যে ওই ভিডিও ফুটেজের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার বিষয়টি নিশ্চিত করে জানান, মিজানুর রহমানের বিরুদ্ধে শোকজ করা হয়েছে। তিনি জানান, জবাব পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, সিভিল সার্জন অফিসে বসে মিজানুর রহমান এক ব্যক্তির কাছ থেকে ঘুষের ৫০ হাজার টাকা নিচ্ছেন। এ সময় মিজানুর রহমান বলেন, ‘৭০ হাজার টাকা দেওয়ার কথা ছিল,’ কিন্তু ব্যক্তিটি জানান, ‘স্যার আপাতত ৫০ হাজার টাকা নিতে বলছে।’ এরপর তিনি টাকা গ্রহণ করেন।
একটি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের মালিক নাম প্রকাশ না করার শর্তে জানান, মিজানুর রহমানের ঘুষ গ্রহণের ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, যদি এই বিষয়টি শোকজ ও তদন্তের মধ্যে আটকা পড়ে, তাহলে জেলা স্বাস্থ্য বিভাগে অসৎ ব্যক্তিদের দৌরাত্ম বৃদ্ধি পাবে। তিনি আশা প্রকাশ করেন কর্তৃপক্ষ সঠিক ব্যবস্থা গ্রহণ করবে, যাতে অনৈতিক সুবিধা বন্ধে কার্যকর ভূমিকা পালন করা যায়।
