মেয়েকে হত্যা করে ‘অপহরণের নাটক’ সাজান বাবা

মেয়েকে হত্যা করে ‘অপহরণের নাটক’ সাজান বাবা

নরসিংদীর মাধবদীতে ১৫ বছর বয়সী আমেনা আক্তার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। সৎ বাবা আশরাফ আলী মেয়ের অসামাজিক কর্মকাণ্ডে বিরক্ত হয়ে তাকে হত্যা করে ‘অপহরণের নাটক’ সাজিয়েছেন। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে।

শনিবার (৭ মার্চ) দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক এ তথ্য জানান। তিনি বলেন, আমেনার প্রেমিক নূর মোহাম্মদ ওরফে নূরার (২৮) সাথে পূর্বে প্রেমের সম্পর্ক ছিলো, যার ফলে তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল। এছাড়া, গত ১০ ফেব্রুয়ারি আসামি হযরত আলী, এবাদুল, জামান ও গাফফার আমেনাকে হযরত আলীর বাড়িতে ধর্ষণ করে। এ ঘটনা জানাজানি হলে গ্রাম্য মাতবররা সালিশের মাধ্যমে সমাধানের আশ্বাস দেয়।

পুলিশ সুপার জানান, আমেনার সৎ বাবা আশরাফ আলী ২৫ ফেব্রুয়ারি রাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী এক সহকর্মী সুমনের বাড়িতে যাওয়ার পথে গলায় ওড়না পেঁচিয়ে আমেনাকে হত্যা করেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন। তিনি জানান, মেয়ের অসামাজিক কর্মকাণ্ডের কারণে তিনি দীর্ঘদিন ধরে বিরক্ত ছিলেন এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার কারণে তাকে হত্যা করেন।

আশরাফ আলীকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়, কারণ তার কথাবার্তা সন্দেহজনক ছিল এবং আসামিদের জবানবন্দির ভিত্তিতে এ পদক্ষেপ নেয়া হয়। পুলিশের এ পর্যন্ত গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রেমিক নূর মোহাম্মদ ওরফে নূর এবং অপর আসামী হযরত আলীকে পৃথক স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, ২৬ ফেব্রুয়ারি মহিষাশুরা ইউনিয়নের কোতালিরচর দড়িকান্দীর একটি সরিষা খেত থেকে আমেনার মরদেহ উদ্ধার করা হয়। এসময় আমেনার সৎ বাবা জানান, বখাটে চক্রটি তরুণী আমেনাকে তার বাবার সামনে থেকে ছিনিয়ে নিয়ে যায় এবং পরে তাকে ধর্ষণের পর হত্যা করে।

আরও পড়ুন