কুমিল্লার বরুড়ায় মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে দুর্ঘটনায় হাবিবুর রহমান (৩৫) নিহত হয়েছেন। তার স্ত্রী ফারজানা আক্তার গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
শুক্রবার দুপুরে বরুড়ার গালিমপুর ইউনিয়নের খামার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাবিবুর রহমান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শিকারপুর যাত্রাপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয়রা জানান, হাবিবুর রহমান ও ফারজানা আক্তার কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড থেকে মোটরসাইকেলে ভাউকসার গ্রামে শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন। ফেরার পথে গালিমপুর খামার বাড়ি এলাকায় মোটরসাইকেলের পেছনের চাকায় স্ত্রীর বোরকা পেঁচিয়ে নিয়ন্ত্রণ হারায়।
এতে স্বামী-স্ত্রী দুজনই ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই হাবিবুর রহমানের মৃত্যু হয়। পরে ফারজানা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
