মোহাম্মদপুরে গ্যাস লিকেজে আগুন, ৮ জন দগ্ধ

মোহাম্মদপুরে গ্যাস লিকেজে আগুন, ৮ জন দগ্ধ

রাজধানীর মোহাম্মদপুরে একটি গাড়ির ওয়ার্কশপে প্রাইভেটকারের গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওয়ার্কশপের মালিকসহ আটজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (০২ মার্চ) দুপুরে মোহাম্মদপুরের হুমায়ুন রোডের ‘মনা মটরস সার্ভিসিং সেন্টারে’ এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওয়ার্কশপে রাখা একটি প্রাইভেটকারের গ্যাস লিকেজ থেকে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় সেখানে কর্মরত শ্রমিকরা দগ্ধ হন। প্রতিবেশী আরমান ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন। পরে দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

দগ্ধ ব্যক্তিরা হলেন- ওয়ার্কশপের মালিক মো. মনা (৪০), মিরাজ (৩৬), রেহান বাদল (২৩), জনি (৩৫), আকাশ (২৫), আজাদ (৫৫), তারেক রহমান (২৩) এবং ইরফান (১১)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, হাসপাতালে আটজনকে আনা হয়। তাদের মধ্যে ওয়ার্কশপের মালিক মনা ও কর্মচারী ইরফানকে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের ১৫ থেকে ২০ শতাংশ পুড়ে গেছে। বাকি ছয়জনের শরীরের এক থেকে পাঁচ শতাংশ দগ্ধ হয়েছে এবং তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন