পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যমুনা সেতুতে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সেতু দিয়ে চলাচল করেছে প্রায় ৪৭ হাজার যানবাহন, যা স্বাভাবিক সময়ের তুলনায় ২৯ হাজার বেশি।
যমুনা সেতু সাইট অফিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার মোট ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন পারাপার হয়েছে, এর মধ্যে ২৭ হাজার ৪৯৮টি পূর্বমুখী এবং ১৯ হাজার ৪৪৫টি পশ্চিমমুখী। স্বাভাবিক সময়ে এই সেতু দিয়ে দৈনিক প্রায় ১৮ হাজার যানবাহন চলাচল করে।
যানবাহন বৃদ্ধির সাথে সাথে টোল আদায়ও বৃদ্ধি পেয়েছে। এদিন পূর্বমুখী যানবাহন থেকে ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা এবং পশ্চিমমুখী থেকে ১ কোটি ৬৬ লাখ ৪ হাজার ৮০০ টাকার টোল আদায় হয়েছে, যা মোট ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকায় দাঁড়িয়েছে।
ঈদের আগে গত সোমবার সরকারের শেষ কর্মদিবস ছিল। ওইদিন বিকেলের পর কর্মজীবীরা রাজধানী ছাড়তে শুরু করেন, যার ফলে যমুনা সেতুতে যানবাহনের চাপ বাড়তে থাকে। উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষের জন্য এই সেতু প্রধান যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করে।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদকে সামনে রেখে যানবাহনের চাপ বাড়লেও সেতুর দুই প্রান্তে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।
