যাত্রাবাড়ীতে যাত্রী ওঠানো নিয়ে দ্বন্দ্বে লেগুনাচালক খুন

যাত্রাবাড়ীতে যাত্রী ওঠানো নিয়ে দ্বন্দ্বে লেগুনাচালক খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে লেগুনাচালক খাইরুলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এ তথ্য জানিয়েছে এবং মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার যাত্রাবাড়ীতে র্যাব-১০ এর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এস এম হাসান সিদ্দিকী এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেফতার করা হয়েছে আসামি সোহান মুন্সী, মোহাম্মদ হৃদয় ও শাকিলকে।

র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা বলেছেন, লেগুনায় যাত্রী ওঠানোর সিরিয়াল নিয়ে ঝগড়া বাধে। পরে দলবদ্ধভাবে খাইরুলকে পেটানো হয় এবং তিনি মারা যান।

র্যাব আরও জানায়, আসামি ও ভিকটিম কারও সাথেই রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।

গত শুক্রবার যাত্রাবাড়ী এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া গার্মেন্টসের সামনে খাইরুলকে মারধর করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় ২১ ফেব্রুয়ারি একটি হত্যা মামলা হয়েছে।

আরও পড়ুন