রংপুরে সুষম উন্নয়ন নিশ্চিত করবে সরকার: ত্রাণমন্ত্রী

রংপুরে সুষম উন্নয়ন নিশ্চিত করবে সরকার: ত্রাণমন্ত্রী

রংপুর অঞ্চলে বাজেট বৈষম্য দূর করে সুষম উন্নয়ন নিশ্চিত করতে কাজ করবে বর্তমান সরকার বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। সোমবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগের প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, আমি রংপুরের সন্তান। আমি চেষ্টা করব, যাতে বাজেটে কোনো ধরনের বৈষম্য না হয়। মাননীয় প্রধানমন্ত্রী রংপুরে নির্বাচন প্রাক্কালে এসেছিলেন। তিনি বলেছিলেন, এটি একটি সম্ভাবনাময় অঞ্চল। এখানে কর্মসংস্থান তৈরির জন্য শিল্প-কারখানা নির্মাণ করা হবে এবং রংপুরকে আর পিছিয়ে থাকতে দেয়া হবে না। আমি আশা করি, রংপুরের উন্নতি অন্যান্য অঞ্চলের সঙ্গে সমহারে হবে ইনশাআল্লাহ।

ত্রাণ মন্ত্রী বলেন, রংপুর বিভাগের প্রত্যেকটি জেলা উন্নয়নে আমরা একশ’ আশি দিনের কথা বলেছি। আমি মনে করি, বিগত সময়ে রংপুর অঞ্চলে যে বৈষম্য হয়েছে, তাতে মানুষের ক্ষোভ তৈরি হয়েছে। আপনারা আমাকে সহযোগিতা করেন। ভবিষ্যতে আর যাতে রংপুর কোনো বৈষম্যের শিকার না হয়।

এর আগে বৈঠকে বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এসব বিষয়ে সংশ্লিষ্টদের কার্যকর নির্দেশনা প্রদান করেন মন্ত্রী।

আরও পড়ুন