ঈদ-উল ফিতরের ছুটি নির্ধারণের আগেই রংপুর মেডিকেল কলেজের ৫০০ শিক্ষার্থী গত ২ মার্চ থেকে অনুপস্থিত রয়েছে। এ কারণে শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে ‘অভিভাবকদের অবগতি’র জন্য জরুরি নোটিশ জারি করেছে মেডিকেল কর্তৃপক্ষ।
বুধবার (৪ মার্চ) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম নোটিশটি জারি করেন। নোটিশে বলা হয়েছে, এমবিবিএস ৫২তম এবং ৫৩ তম ব্যাচের শিক্ষার্থীরা কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে অননুমোদিতভাবে ক্লাসে অনুপস্থিত রয়েছে, যা কলেজের একাডেমিক কার্যক্রমকে মারাত্মকভাবে বিঘ্নিত করছে।
এ অবস্থায়, কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীদের জরুরি ভিত্তিতে ক্লাসে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায়, প্রতিদিন অনুপস্থিতির জন্য ৫০০ টাকা জরিমানা করা হবে। জরিমানার অর্থ কোষাধ্যক্ষের কাছে জমা দিতে হবে, অন্যথায় এটি বৃত্তিমূলক পরীক্ষার ফরম পূরণের সময় সংযোজিত হবে।
অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম জানান, শিক্ষার্থীরা অননুমোদিতভাবে চলে যাওয়ায় একাডেমিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে ‘অটো ভ্যাকেশন’ নেওয়ার চল দীর্ঘদিনের, যার ফলে বিভিন্ন সময়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
