রমজান মাস আত্মশুদ্ধি ও ইবাদতের মাস। এই পবিত্র মাসে রোজা পালন অবস্থায় অনেকের মনে বিভিন্ন প্রশ্ন জাগে, বিশেষ করে দিনের বেলায় টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা। অনেকেই জানতে চান, টুথপেস্ট বা মাজন ব্যবহারের ফলে রোজার ক্ষতি হয় কিনা।
শরিয়তের বিধান অনুসারে, রোজা অবস্থায় টুথপেস্ট, পাউডার বা মাজন দিয়ে দাঁত ব্রাশ করা মাকরুহ। কারণ এসব উপাদানে স্বাদ থাকে, যা রোজা অবস্থায় গ্রহণ করা মাকরুহ। যদি ব্রাশ করার সময় কোনো অংশ বা স্বাদ গলার ভেতরে পৌঁছে যায়, তাহলে রোজা ভেঙে যাবে।
এ কারণে রমজান মাসে দিনের বেলায় টুথপেস্ট বা মাজন দিয়ে ব্রাশ করা থেকে বিরত থাকা উত্তম। প্রয়োজনে টুথপেস্টের পরিবর্তে মেসওয়াক ব্যবহার করা যেতে পারে, যা রোজার জন্য ক্ষতিকর নয়। হাদিসে মেসওয়াক ব্যবহারের গুরুত্ব উল্লেখ করা হয়েছে যে, ‘মেসওয়াক মুখের পবিত্রতা অর্জনের মাধ্যম এবং আল্লাহর সন্তুষ্টির কারণ।’
ফিকহের গ্রন্থে বলা হয়েছে, রোজাদারের জন্য স্বাদযুক্ত বস্তু ব্যবহার করা মাকরুহ এবং তা গলায় প্রবেশ করলে রোজা নষ্ট হয়ে যায়। তাই, রোজা অবস্থায় মুখের পরিচ্ছন্নতা বজায় রাখা গুরুত্বপূর্ণ হলেও শরিয়তের বিধান মেনে চলা আরও বেশি জরুরি।
রোজা অবস্থায় টুথপেস্ট ব্যবহার না করে মেসওয়াক ব্যবহার করা নিরাপদ এবং উত্তম। যদি টুথপেস্ট ব্যবহার করতে হয়, তবে তা গলার ভেতরে না যাওয়ার ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত, যাতে রোজার পবিত্রতা অক্ষুণ্ন রাখা যায়।
