রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর এলাকায় দিনদুপুরে জাহিদ ফকির (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার দুপুরে বিনোদপুর এলাকার একটি স্কুল মাঠের পাশে এই ঘটনা ঘটে।
নিহত জাহিদ ফকির বিনোদপুর এলাকায় মাহাতাব ফকিরের ছেলে। তার বড় ভাই মামুন ফকির জানান, সকাল থেকে জাহিদ ফকির বাড়িতেই ছিল। দুপুরের দিকে সে বাড়ির পাশে স্কুল মাঠে যায়। সে সময় অজ্ঞাতনামা ৪ থেকে ৫ যুবক তাকে এলোপাতারি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
পরিবারের লোকজন চিৎকার শুনে জাহিদকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে রাজবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।
