রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর হাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর হাটে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন জিলাল বিশ্বাস, শোভন বিশ্বাস, আব্দুর রহিম, জিন্নাহ ও সেলিম। প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানিয়েছেন, সোনাপুর হাটের খাজনা আদায়ের টাকা আব্দুর রহিম শোভনের নিকট চাইলে কথা কাটাকাটি হয়।

এরপর সোনাপুর পশ্চিম পাড়ার আব্দুর রহিম গ্রুপের সঙ্গে একই গ্রামের ইয়াসিন মাস্টারের ছেলে জিলাল বিশ্বাস এবং গফুর বিশ্বাসের ছেলে শোভন বিশ্বাস গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। জিলাল বিশ্বাসের নেতৃত্বে আব্দুর রহিম ও তার চাচা জিন্নাহ, সেলিমসহ অন্যান্য লোকজনের উপর হামলা করা হয়।

হামলায় রহিম, জিন্নাহ, সেলিম আহত হন। পরে রহিম গ্রুপের লোকজন জিলাল বিশ্বাস ও তার ভাতিজা শোভনের উপর হামলা চালায়। এতে জিলাল বিশ্বাস ও শোভন বিশ্বাসসহ কয়েকজন জখম হন।

আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে বালিয়াকান্দি থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রব তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন