বাগেরহাটের রামপালে বিয়ে করে বাড়ি ফেরার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ ১৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার বেলাইব্রিজ এলাকায় নৌবাহিনীর একটি বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে বলেন, খুলনা–মোংলা মহাসড়কে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় আমরা অত্যন্ত ব্যথিত ও শোকাহত। তিনি আল্লাহর কাছে নিহতদের জান্নাত ও স্বজনদের ধৈর্য্যের জন্য দোয়া করেন।
শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, যুদ্ধ কবলিত দেশ ছাড়া একসাথে একই পরিবারের ৯ জন সহ ১৪ জন মানুষের মৃত্যু সচরাচর ঘটে না। তিনি উল্লেখ করেন, আমরা যখন রাস্তায় বের হই, তখন জীবনের শঙ্কা নিয়েই বের হই, যেন যুদ্ধের ময়দানে।
সড়কের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ফিটনেসবিহীন গাড়ি, প্রশিক্ষণহীন চালক এবং ট্রাফিক আইন উপেক্ষা করে ভাঙাচোরা রাস্তার প্রতিটি মোড় যেন একেকটি মৃত্যুকূপ। তিনি সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান এবং বলেন, সরকার, বাস-মালিক, চালক এবং আমাদের সকলের সতর্কতা জরুরি।
শায়খ আহমাদুল্লাহ অবশেষে বলেন, সড়কে সুশাসন একটি বিলাসিতা নয়, বরং এটি মানুষের জীবনরক্ষার অপরিহার্য শর্ত। এই সুশাসন নিশ্চিত না হলে বিয়ের যাত্রা কিংবা ঈদের আনন্দভ্রমণ, যে কোনো যাত্রা মুহূর্তে শেষযাত্রায় পরিণত হতে পারে।
