লক্ষ্মীপুরে একটি মৎস্য খামারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন থাকার ৫ দিন পর আব্বাস উদ্দিন (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বুধবার রাতে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের জিতু এগ্রো মৎস্য খামারে অগ্নিকাণ্ডে তিনি দগ্ধ হন। পরদিন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। নিহত আব্বাস উদ্দিন চররমনী মোহন এলাকার মৃত হোসেনের ছেলে ও জিতু এগ্রো মৎস্য খামারের মালিক ছিলেন।
তার বড় ছেলে এলাহি প্রিন্স জানান, ভোটের আগে রাতে দুর্বৃত্তরা বাইরে থেকে খামার ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ঘর পুড়ে যায়। পরিবারের অন্যান্য সদস্যরা দ্রুত বের হয়ে যেতে পারলেও আব্বাস পারেননি। এতে হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে দগ্ধ হয়।
প্রিন্স আরও বলেন, তার বাবা জামায়াতের সদস্য ছিলেন এবং এটাই তার অপরাধ ছিল বলে মনে করেন। লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান বলেন, ঘটনাটি ভোটের আগের দিন ঘটেছে এবং আব্বাস উদ্দিন দাঁড়িপাল্লার সমর্থনে ভোটের জন্য কাজ করেছেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি শুনেছেন, তবে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
