হবিগঞ্জের লাখাই উপজেলায় সোমবার (৯ মার্চ) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পৃথক দু’টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। কাশিমপুর ও মোড়াকরি গ্রামে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন, যার মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে কাশিমপুর গ্রামে হালচাষের টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে মাসুদুল হক এবং বাবুল মিয়ার সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়, এতে প্রায় ১৫ জন আহত হন।
আহতদের মধ্যে উল্লেখযোগ্য নামগুলো হলো জুয়েল মিয়া (৩৫), আনানুরুল (২২), মাসুদুল হক (৫০), তামিম (১৬), জহিরুল হক (২৬), গিয়াস উদ্দিন (৪০) ও কালু মিয়া (২৫)। আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়, গুরুতর আহত তামিমকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
একই দিনে, সকাল ১১টার দিকে মোড়াকরি গ্রামে একটি শিশুর বাইসাইকেল চালানোর ঘটনাকে কেন্দ্র করে আরেকটি সংঘর্ষ ঘটে। আব্দুল আওয়াল ও সাইফুল ইসলাম পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে, এতে ৭ থেকে ৮ জন আহত হন।
আহতদের মধ্যে আব্দুল আওয়াল (৪০), মন্নান (৩২) ও মহিবুর (৪২) রয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং কয়েকজন নাছিরনগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।
লাখাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, উভয় এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
