শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে পাঁচজনের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে উপজেলার তাওয়াকুঁচাতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক এই আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন ঝিনাইগাতী উপজেলার কাংশা গ্রামের সাইফুল ইসলাম, আব্দুল মমিন ও মোনা সরকার এবং শ্রীবরদী উপজেলার বালিঝুড়ী এলাকার হানিফ উদ্দিন ও খাড়ামোড়া এলাকার কোমর আলী। তাদের বয়স ২৯ থেকে ৫০ বছরের মধ্যে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শেরপুর জেলার ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলায় বালু মহাল ইজারা বন্ধ রেখেছে প্রশাসন। তবুও একটি চক্র চোরাইভাবে বালু উত্তোলন ও পরিবহন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ এর ১৫(১) ধারা মোতাবেক অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের দায়ে পাঁচজনের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ কার্যক্রম রোধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে।
