লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, সারাদেশে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। তিনি শুক্রবার লক্ষ্মীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে মন্ত্রী পরিষদের সভা করেছেন এবং আইনশৃঙ্খলা সুন্দরভাবে রাখতে বিশেষ নজর দিয়েছেন। রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা ও এলাকার উন্নয়ন অব্যাহত রাখার বিষয়ে তিনি কথা বলেন।
তিনি আরও বলেন, লক্ষ্মীপুরের জলাবদ্ধতা দূরীকরণে ভুলুয়া নদী খনন ও রহমতখালী খাল পুনঃখননের প্রকল্প হাতে নেওয়ার ইচ্ছা রয়েছে। মেঘনা নদী ও রহমতখালী খাল পাড়ের ভাঙন সমাধানে পিজিভিলিটি স্ট্যাডির মাধ্যমে উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশব্যাপী খাল খনন কর্মসূচি ১৮০ দিনের মধ্যে শুরু হবে বলে জানান এ্যানী চৌধুরী। তিনি বলেন, লক্ষ্মীপুর দীর্ঘদিন বঞ্চিত ও অবহেলিত এলাকা ছিল এবং নতুনভাবে সাজাতে হবে।
মন্ত্রী বৃহস্পতিবার রাতে তিন দিনের সফরে লক্ষ্মীপুর আসেন। শুক্রবার সকালে সার্কিট হাউসে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
এ সময় জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, পুলিশ সুপার মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
