সাতক্ষীরায় ভূমিকম্প, মানুষ আতঙ্কে রাস্তায়

সাতক্ষীরায় ভূমিকম্প, মানুষ আতঙ্কে রাস্তায়

সাতক্ষীরায় ভূমিকম্পে কেঁপে উঠেছে। শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুর ১টা ৫৩ মিনিটে সাতক্ষীরা শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩ এবং ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি।

আকস্মিক এই ভূমিকম্পে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় নেমে আসেন। জুমার নামাজ চলাকালে বিভিন্ন মসজিদ থেকেও মুসল্লিরা বাইরে বেরিয়ে খোলা স্থানে অবস্থান নেন। সাতক্ষীরা জেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সাতক্ষীরা অঞ্চলে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঠিক ১টা ৫৩ মিনিটে কম্পনে মাটি কেঁপে ওঠে। কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পনে অনেকেই দিশেহারা হয়ে পড়েন। শহরের বিভিন্ন এলাকায় মানুষকে খোলা স্থানে জড়ো হতে দেখা যায়। সাতক্ষীরা শহরের রেজিস্ট্রি অফিস জামে মসজিদ থেকে নামাজ পরে বের হচ্ছিলেন আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, নামাজ শেষে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ রাস্তায় কম্পন অনুভব করেন। আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বাসিন্দা আশিকুর রহমান জানান, বুধহাটা কেন্দ্রীয় জামে মসজিদে ১টা ৩০ মিনিটে নামাজ শুরু হয়। তবে আজ কিছুটা দেরি হওয়ায় ১টা ৫১ মিনিটে ইকামত শেষ করেন এবং ভূমিকম্প অনুভব করেন।

এছাড়াও, আশাশুনি সদরের মঞ্জু আরা বেগম বলেন, উঠানে বসে মাছ কাটছিলেন। হঠাৎ গা ও মাটি কেঁপে উঠলে তিনি দৌড়ে রাস্তায় ওঠেন। ভূমিকম্পের পর কিছু সময় আতঙ্ক বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন