যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও তার স্ত্রী তাহেরা সোবহার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুটি মামলা দায়ের করেছে। তাদের বিরুদ্ধে প্রায় ৬২ কোটি ৩১ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
রোববার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক সৈয়দ মাইদুল ইসলাম বাদী হয়ে মামলাগুলো করেন। মামলার বিষয়টি দুদকের জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছে।
প্রথম মামলার এজাহার সূত্রে জানা যায়, শেখ আফিল উদ্দিনের নামে ৪৫ কোটি ৪২ লাখ ৯৮ হাজার ৯৬৯ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। তার পারিবারিক ও অন্যান্য ব্যয় ৮ কোটি ৪৩ লাখ ৬৭ হাজার ৩০৩ টাকা। সব মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ ৫৩ কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ২৭২ টাকা। তবে তার বৈধ আয়ের উৎস পাওয়া গেছে মাত্র ৭ কোটি ৬০ লাখ ৬১ হাজার ৮৫০ টাকা। অর্থাৎ তার আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৪৬ কোটি ২৬ লাখ ৪ হাজার ৪২২ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক।
শেখ আফিল উদ্দিনের স্ত্রী তাহেরা সোবহার নামে মোট ১৮ কোটি ৫৫ লাখ ৬৬ হাজার ৮৬৩ টাকার সম্পদ পাওয়া যায়। ব্যয়সহ তার মোট সম্পদের পরিমাণ ১৯ কোটি ২৩ লাখ ৪২ হাজার ৯৫ টাকা। তার বৈধ আয়ের উৎস পাওয়া গেছে ৩ কোটি ১৮ লাখ ৩০ হাজার ৭৮৭ টাকা। ফলে তার নামে ১৬ কোটি ৫ লাখ ১১ হাজার ৩০৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
তাদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাদের তিন ছেলে শেখ কুতুবুদ্দিন, শেখ তামিম উদ্দিন ও আফনান উদ্দিনের বিরুদ্ধে প্রায় ৫ কোটি টাকার সন্দেহভাজন সম্পদের প্রমাণ পাওয়ায় তাদের নামে সম্পদের নোটিশ জারি করেছে দুদক।
