ঢাকার সাভারে মহাসড়কের পাশে অবৈধ দখলদার ও হকার উচ্ছেদ অভিযানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে বিএনপি নেতার বাকবিতণ্ডা হয়েছে।
আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় ইউএনও মো. সাইফুল ইসলামের সঙ্গে ধামশোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. আসাদউল্লাহ আহমেদের এই বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বাকবিতণ্ডার সময় ইউএনও পুলিশ সদস্যকে নির্দেশ দেন, ‘ওনাকে হাতকড়া দেন। সরকারি রাস্তা আটকানোর কারণে ওনাকে গ্রেপ্তার করা হলো।’ এর জবাবে ডা. আসাদউল্লাহ বলেন, ‘আমি রাখছি এটা (নির্মাণ সামগ্রী), সরায়ে দিমু। কিন্তু আপনি যেটা বলতেছেন, এটা কিন্তু একটু অনধিকার হয়ে যাচ্ছে।’
ইউএনও বলেন, ‘কীসের অনধিকার? রাস্তা আটকানো সবার জন্যই অপরাধ।’ সাংবাদিকদের উপস্থিতিতে তারা উভয়েই নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন।
ডা. আসাদউল্লাহ আহমেদ দ্য ডেইলি স্টারকে জানান, ‘আমার হাসপাতালের চারতলা ভবনের উপরের দুতলার নির্মাণ কাজ চলছে। সেটার নির্মাণ সামগ্রী হাসপাতালের সামনে রাখা ছিল।’
তিনি আরও বলেন, ‘ইউএনও সাহেব নির্মাণ সামগ্রী সরাতে বলেন। আমি বলেছি সরিয়ে দিব। তারপরও তিনি আমাকে গ্রেপ্তার করতে চেয়েছেন।’
ইউএনও সাইফুল ইসলাম বলেন, ‘আমরা মহাসড়কের পাশে অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান পরিচালনা করছি। তিনি মহাসড়কের অনেকাংশ দখল করে ইটের খোয়া ও বালু ফেলে রেখেছিলেন।’
