সাভারে হানিফ পরিবহনের বাসে আগুন, ক্ষতি ২০ লাখ টাকা

সাভারে হানিফ পরিবহনের বাসে আগুন, ক্ষতি ২০ লাখ টাকা

সাভারে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী পার্কিং করা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় কফিল পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

সাভার ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় আধা ঘণ্টারও বেশি সময় চেষ্টায় ৭টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, হঠাৎ সন্ধ্যার দিকে ওই বাসে পথচারীরা আগুন দেখতে পায়। পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দেন। সাভার ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার আবু হানিফ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা যায়নি। তবে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাড়ির যান্ত্রিক ক্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।

আরও পড়ুন