বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে মিথ্যুক আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারা নিয়ে তিনি এ মন্তব্য করেন।
শুক্রবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সালাহউদ্দিন বলেন, উনি এত মিথ্যা কথা বলেছেন একজন শিক্ষক মানুষ তো সাধারণত কম মিথ্যা বলেন। আমি ছেলেদের কীভাবে মুখ দেখাব? উনি এভাবে মিথ্যা বলবেন, এটা মানতে পারছি না।
তিনি আরও বলেন, খাড়ার ওপর দাঁড়িয়ে এমন মিথ্যা কথা বলবে, এটা আমি ভাবতেই পারিনি। উনি একজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক এভাবে মিথ্যা বলবেন আমরা এটা মেনে নিতে পারছি না।
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে সালাহউদ্দিন জানান, আমি তো জানি আমার দুইজন খেলোয়াড় কোমার মতো অবস্থায় চলে গিয়েছিল। পাঁচ দিন ধরে কোথায় যেন হারিয়ে গিয়েছিল তারা। আমরা তাদের অদম্য কাপ টুর্নামেন্টে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি এটাই আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য। একটা দলকে আপনি এক সেকেন্ডে নষ্ট করে দিয়েছেন।
উল্লেখ্য, এর আগে গত ১০ ফেব্রুয়ারি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, কোনো রিগ্রেটের প্রশ্নই আসে না। সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়েরা। তারা দেশের ক্রিকেটের নিরাপত্তা, দেশের মানুষের নিরাপত্তা ও মানুষের মর্যাদা রক্ষার জন্য নিজেরাই স্যাক্রিফাইস করেছে।
সালাহউদ্দিনের এই মন্তব্যে বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
