গত ২৩ জানুয়ারি শুক্রবার ভোরে সেনাবাহিনীর একটি অভিযানিক দল রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর এলাকা থেকে সিক্স স্টার বাহিনীর দুই সদস্য আব্দুল হালিম ও আবু বাশারকে একটি পয়েন্ট ২২ বোরের এয়ার রাইফেল ও একটি আধুনিক ওয়াকিটকিসহ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের বাগমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বাগমারা থানা পুলিশ তাদের বিরুদ্ধে কোনো মামলা না করে ৫৪ ধারায় সন্দেহমূলক গ্রেফতার প্রতিবেদন দিয়ে আদালতে পাঠায়। শুক্রবার ছুটির দিন হলেও এক ঘণ্টার নোটিশে বিশেষ উদ্যোগে আদালত বসিয়ে গ্রেফতারকৃতদের জামিনে ছেড়ে দেওয়া হয়। গ্রেফতারকৃতরা সন্ধ্যার মধ্যেই নিজ নিজ এলাকায় ফিরে যান।
বাগমারা থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, সেনাবাহিনী যে এয়ার রাইফেল ও ওয়াকিটকিসহ তাদের থানায় দিয়েছিল, সেগুলো হালিম ও বাশারের কাছে পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধে থানায় অন্য কোনো মামলা না থাকায় ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছিল।
২০২৪ সালের ৫ আগস্টের পর বাগমারার তাহেরপুর এলাকায় গড়ে উঠে সিক্স স্টার বাহিনী। তাহেরপুরের একজন যুবদল নেতার পৃষ্ঠপোষকতায় এই বাহিনীর সদস্যরা পুকুর-দীঘি দখল, জোরপূর্বক ফসলি জমি দখল, মুক্তিপণ আদায়, সন্ত্রাসী হামলা, মাছ লুট ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত। এলাকার মানুষ বহুবার পুলিশের কাছে অভিযোগ দিলেও পুলিশ কার্যত কোনো ব্যবস্থা নেয়নি।
গত ২৮ নভেম্বর রাতে সিক্স স্টার বাহিনী তাহেরপুর পৌর যুবদলের আহ্বায়ক এসএম আরিফুল ইসলামের চাইনিজ রেস্টুরেন্টে হামলা চালায় ও গুলিবর্ষণ করে। থানায় মামলা হলেও পুলিশ এ ঘটনায় জড়িতদের কাউকে গ্রেফতার করতে পারেনি। আসন্ন সংসদ নির্বাচনে এই বাহিনী এলাকায় সহিংসতার বড় ঝুঁকি তৈরি করেছে বলে একাধিক গোয়েন্দা সংস্থা সূত্রে বলা হয়েছে।
