সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের পঞ্চম তলার ২৩ নং ওয়ার্ডের একটি অংশে আগুন দেখা যায়। এতে পুরো হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং রোগী, স্বজন ও চিকিৎসকরা নিরাপদ স্থানে সরে যান।
এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে এক অ্যাম্বুল্যান্স চালক আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণে কিছু সময়ের জন্য ওই তলায় চিকিৎসাসেবা কার্যক্রম ব্যাহত হয়।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার কিছু অংশে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
