রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) হত্যার ঘটনায় করা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ এপ্রিল দিন ধার্য করেছে আদালত।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এই তারিখ নির্ধারণ করেন। এদিন, মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হয়। এজন্য বিচারক নতুন তারিখ ধার্য করেন।
প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক অনুপ কুমার দাশ এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, মামলাটির তদন্তে ত্রুটি-বিচ্যুতি থাকায় গত ২০ জানুয়ারি আদালত অধিকতর (পূর্ণাঙ্গ) তদন্তের নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে একদল লোক সোহাগকে নৃশংসভাবে হত্যা করে। ওই ঘটনায় পরের দিন নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।
তদন্ত শেষে ৮ ডিসেম্বর এই মামলায় ২১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা মনিরুজ্জামান। এছাড়াও অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১০ আসামিকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। এদের মধ্যে ১৩ আসামি কারাগারে এবং ৮ আসামি পলাতক রয়েছেন।
