স্বাধীনতা দিবসে কোনো আলোকসজ্জা করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীনতা দিবসে কোনো আলোকসজ্জা করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীনতা দিবসে কোনো আলোকসজ্জার আয়োজন করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। জ্বালানি সংকট এড়াতে ও সরকারি ব্যয় সাশ্রয় নীতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী জানান, বৈঠকে ঈদের সময় আইনশৃঙ্খলা রক্ষা, ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করা এবং জাতীয় দিবসগুলোর অনুষ্ঠানমালার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “প্রথাগতভাবে আমরা স্বাধীনতা ও জাতীয় দিবসে আলোকসজ্জার আয়োজন করি। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এবার সারা দেশে কোনো আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযথ গুরুত্ব ও শোকের সঙ্গে পালন করা হবে এবং নিরাপত্তার দায়িত্বে থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অন্যান্যদের পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঈদের প্রস্তুতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রতি বছর ঈদের আগে পোশাক খাত ও সড়কে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে সরকার সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। তিনি জানান, শিল্প পুলিশের একজন অতিরিক্ত আইজিপিকে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মব বা গণপিটুনির ঘটনা নিয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমরা অবশ্যই মবের বিষয়ে সিরিয়াস এবং মব কালচার বাংলাদেশ থেকে বিলুপ্ত হবে।”

পোশাক খাতের বেতন-ভাতা নিয়ে তিনি জানান, বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা আশ্বস্ত করেছেন যে, দু-একটি ব্যতিক্রম ছাড়া প্রায় সব কারখানাই ঈদের আগে বেতন ও বোনাস পরিশোধ করতে পারবে।

নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনগুলোর তৎপরতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন অনুযায়ী নিষিদ্ধ সংগঠনগুলো রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করতে পারে, তবে মাঠে দৃশ্যমান তৎপরতা দেখা গেলে পুলিশ তা কঠোরভাবে মোকাবিলা করবে।

আরও পড়ুন