স্বাধীনতা পুরস্কার উৎসর্গ করলেন হানিফ সংকেত

স্বাধীনতা পুরস্কার উৎসর্গ করলেন হানিফ সংকেত

সরকার দেশের শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি’র উপস্থাপক কে এম হানিফকে (হানিফ সংকেত) ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ হয়।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানাতে হানিফ সংকেত সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্ট করেন। তিনি লেখেন, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ বছর আমাকে সংস্কৃতিতে ‘স্বাধীনতা পদক’-এ ভূষিত করেছেন। এই অর্জন আমার একার নয়- যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় সাংস্কৃতিক অঙ্গনে আমার এই দীর্ঘ যাত্রা সম্ভব হয়েছে, তাদের সবার।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, সুস্থ সংস্কৃতিই পারে একটি সমাজকে আলোকিত করতে এবং দেশের জন্য সম্মান বয়ে আনতে। আমৃত্যু আমি সুস্থ সংস্কৃতির চর্চায় দেশের জন্য কাজ করে যেতে চাই।”

হানিফ সংকেত তার ভবিষ্যৎ পরিকল্পনা উল্লেখ করে বলেন, “অতীতেও আমি যেমন দায়িত্ব নিয়ে কাজ করেছি, ভবিষ্যতেও দায়িত্ব নিয়ে কাজ করে যাব। এই পুরস্কার আমাকে সামনে এগিয়ে যেতে আরও উৎসাহিত করবে।”

মন্ত্রিপরিষদ বিভাগের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে হানিফ সংকেতসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ের এই সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। হানিফ সংকেত ছাড়াও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখার জন্য মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সংগীতশিল্পী বশির আহমেদ।

আরও পড়ুন