সৎ ভাইয়ের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

সৎ ভাইয়ের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

জামালপুরের মেলান্দহ উপজেলায় পারিবারিক কলহের জেরে সৎ ভাইয়ের রডের আঘাতে বড় ভাই মো. মাসুদের (৩০) মৃত্যু হয়েছে। শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. মাসুদ একই এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে। অভিযুক্ত মো. হাসিব (২৬) একই এলাকার মমিনের ছেলে। তারা দুইজন একই মায়ের সন্তান।

জানা গেছে, পারিবারিক কলহের জেরে বৈমাত্রেয় ভাই হাসিব বড় ভাই মাসুদকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন। এতে মাসুদের মাথার খুলি ফেটে যায় এবং তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা মজনু জানান, তিনি রাস্তা দিয়ে হাঁটতে যাওয়ার সময় মাসুদকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। তিনি সবাইকে ডাকাডাকি করেন এবং পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আরিফুর ইসলাম।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবাইদুর হক বলেন, তারা একই মায়ের সন্তান এবং দুই ভাইয়ের মধ্যে বসত-বাড়ি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ রাতে হঠাৎ এই ঘটনা ঘটে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন