সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ হকার উচ্ছেদে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশের ফুটপাত ও সার্ভিস লেনের দখলদার সহস্রাধিক হকারকে উচ্ছেদ করা হচ্ছে।
আজ সকাল সাড়ে ১১টায় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। তিনি জানান, মহাসড়কটি দিয়ে প্রতিদিন লাখ লাখ মানুষ যাতায়াত করে এবং ঈদে যানবাহনের চাপ বাড়ে। এ কারণে ঘরমুখী মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
হকাররা ঈদের পর ফিরে আসতে পারবেন কিনা—এমন প্রশ্নের উত্তরে সাইফুল ইসলাম বলেন, ‘না, বসতে পারবে না। আমরা দীর্ঘদিন ধরে হকারদের সার্ভিস লেন ও ফুটপাত ছাড়তে নির্দেশনা দিয়ে আসছিলাম, কিন্তু তারা শোনেনি। উচ্ছেদের পর তারা আর এখানে ফিরতে পারবে না। তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।’
ঈদের ঠিক আগে উচ্ছেদ করায় ক্ষোভ প্রকাশ করেছেন হকাররা। একাধিক হকার জানান, ‘আমরা অবৈধভাবে ব্যবসা করি, এটা ঠিক। কিন্তু আর কয়েক দিন পরই ঈদ। এই অভিযান রমজানের আগে করলে ভালো হতো।’
সাভার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান নঈম বলেন, ‘হকারদের কারণে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার দুই পাশের সার্ভিস লেন ব্যবহারকারীদের চরম ভোগান্তিতে পড়তে হতো। হকার উচ্ছেদ আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। তবে উচ্ছেদের পর হকাররা যেন আবার ফিরে না আসে, সেদিকে খেয়াল রাখতে হবে।’
গত সপ্তাহে সাভারের আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় অবৈধ হকার উচ্ছেদে অভিযান চালানো হয়েছিল, তবে উচ্ছেদের পর ওই দিন বিকেলেই হকাররা আবার সেখানে ফিরে আসেন।
