হাতিয়ায় ধর্ষণের অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ

হাতিয়ায় ধর্ষণের অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ

নোয়াখালীর হাতিয়ায় চানন্দী ইউনিয়নে তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ সম্পূর্ণ প্রোপাগান্ডা বলে জানিয়েছে পুলিশ। শনিবার রাত ১০টার সময় হাতিয়া সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ভুক্তভোগীর বাড়িতে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে গতকাল রাতে হাতিয়া চানন্দী ইউনিয়নে শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার জেরে এক তিন সন্তানের জননীকে নিজ ঘরে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। শনিবার দুপুরে নোয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিতে এসে ভুক্তভোগী এ তথ্য জানান। তাকে ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা শেষে হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করানো হয়। ভুক্তভোগী নারী স্থানীয় নলেরচর একটি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্লাটফর্মে একজন নারী ধর্ষণের অভিযোগ করায় তদন্তের জন্য ঘটনাস্থলে একজন অতিরিক্ত এসপিকে পাঠানো হয়। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায় যে সেখানে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে আশ্রয়ণ প্রকল্পে মারামারির ঘটনা ঘটেছে। যার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে সে ঘটনার দুই ঘণ্টা আগে হাসপাতালে ভর্তি ছিল। লিখিত অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ বিষয়ে উপজেলা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়ে বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন রনি বলেন, সারাদিন যে ঘটনাটি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন গণমাধ্যমে ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এনসিপি এ সকল প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের শাস্তির আওতায় আনা হোক।

আরও পড়ুন