১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, দেশে ১৭ বছর ধরে নির্বাচিত সরকার ছিল না, তাই এই সময়ের জঞ্জাল পরিষ্কার করতে হবে। তিনি শুক্রবার (১৩ মার্চ) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার রহমতখালী, ওয়াপদা, আমিনবাজার, জকসিন ও মান্দারী খাল পরিদর্শনকালে এসব কথা বলেন।

এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক। তিনি বলেন, নির্বাচিত সরকারের অধীনে তারেক রহমানের নেতৃত্বে বিভিন্ন বিভাগ সমন্বয়ের মাধ্যমে কাজ সম্পন্ন করা হবে এবং জনগণের সুবিধা নিশ্চিত করা হবে।

তিনি জানান, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির ফলে দেশে সেচ সুবিধা বৃদ্ধি পেয়েছে এবং উৎপাদন দ্বিগুণ হয়েছে। এখন স্বনির্ভর বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন। এ্যানি চৌধুরী জানান, ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারুল উপজেলায় সাহাপাড়া খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন।

তিনি বলেন, খালগুলো দখল ও আবর্জনায় ভরা পড়ে আছে, সেগুলো পরিষ্কার না হলে খাল খননের সুবিধা পাওয়া যাবে না। এজন্য খাল খনন অব্যাহত থাকবে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হবে। সবার আন্তরিকতা ও সহযোগিতার মাধ্যমে এই কর্মসূচি সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এসময় জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ জামান খান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেলাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন ও জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন