দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, নির্ধারিত সময়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে আসতে হবে। কেউ না আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, জনগণ বিএনপিকে বিপুল পরিমাণ ম্যান্ডেট দিয়ে সংসদে পাঠিয়েছে। এজন্য সরকার মানুষের অধিকার নিশ্চিতে ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির আলোকে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।
মন্ত্রী আরও বলেন, আমরা একটি আলোকিত লালমনিরহাট গড়তে চাই। মাদক নিয়ন্ত্রণ, অনলাইন জুয়া এবং বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ নির্মূলে প্রশাসনকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে এবং এ বিষয়ে নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে।
লালমনিরহাট বিমানবন্দর চালুর বিষয়ে মন্ত্রী জানান, তিনি ব্যক্তিগতভাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে লালমনিরহাট সফরের আমন্ত্রণ জানিয়েছেন, যাতে দ্রুত এটি পুনরায় সচল করার ব্যবস্থা নেওয়া যায়।
এর আগে, সকালে ত্রাণমন্ত্রী লালমনিরহাট সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেন। হাসপাতালের চারপাশের চরম অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৬ ঘণ্টার আল্টিমেটাম দেন।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
