যুক্তরাজ্য কোনোভাবেই মধ্যপ্রাচ্যের বৃহত্তর যুদ্ধে জড়িয়ে পড়বে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির পর তিনি এই মন্তব্য করেন।
একদিন আগে সতর্ক করে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাজ্যসহ মিত্র দেশগুলো যদি এই অঞ্চলে সামরিক সহায়তা প্রদান না করে, তাহলে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়তে পারে।
ট্রাম্পের এমন হুমকির পর কিয়ার স্টারমার বলেন, ব্রিটেনের প্রধান অগ্রাধিকার হচ্ছে ওই অঞ্চলে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং নিজেদের ও মিত্রদের রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। তিনি আরও বলেন, ব্রিটেন নিজেকে কোনো ব্যাপক সংঘাতের অংশ হতে দেবে না এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দ্রুত সমাধানের লক্ষ্যে কাজ চালিয়ে যাবে।
এদিকে, জার্মানি জানিয়েছে, ইরানের যুদ্ধের সঙ্গে ন্যাটোর কোনো সম্পর্ক নেই। জার্মান সরকারের একজন মুখপাত্র বলেছেন, তারা এই যুদ্ধে অংশ নেবে না এবং সামরিক উপায়ে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার কোনো অভিযানে যোগ দেবে না।
তিনি বলেন, যতদিন এই যুদ্ধ চলবে, জার্মানি কোনোভাবেই এতে অংশ নেবে না। একইভাবে গ্রিসও হরমুজ প্রণালিতে কোনো ধরনের সামরিক অভিযানে জড়াবে না বলে জানিয়েছেন গ্রিক সরকারের মুখপাত্র পাভলোস মারিনাকিস।
