যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে পাশে থাকা এবং সমর্থন দেওয়ার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় তিনি এ ধন্যবাদ জ্ঞাপন করেন।
উর্দু ভাষায় লেখা সেই বার্তায় তিনি বলেন, “মার্কিন-ইসরায়েলি হামলার মুখে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং ইরানি জনগণের প্রতি সংহতি ও দৃঢ় সমর্থন দেওয়ার জন্য পাকিস্তানের সরকার ও জনগণকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।”
পাকিস্তানের সঙ্গে সীমান্ত থাকার প্রেক্ষাপটে সৈয়দ আরাগচির এই ধন্যবাদ জ্ঞাপন এমন এক সময়ে হয়েছে, যখন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। মধ্যপ্রাচ্যে ইরানের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী সৌদি আরব।
গত ১২ মার্চ সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করতে রিয়াদে গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। রিয়াদের উদ্দেশে ইসলামাবাদ ছাড়ার আগে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে টেলিফোনে কথা বলেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারও গত সপ্তাহে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে চীন, সৌদি আরব, কুয়েত ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে বৈঠক করেছেন।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, সোমবার হরমুজ প্রণালী দিয়ে একটি পাকিস্তানি জাহাজকে নিরাপদে যাওয়ার সুযোগ দিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী।
সূত্র: আলজাজিরা
