ডায়বেটিস ধরা পড়ার পর অনেকেই মিষ্টি, ভাজাভুজি ও ভাত-রুটি ছেড়ে দেন। বাইরের খাবারও এড়িয়ে চলেন, কিন্তু তারপরেও অনেক সময় রক্তে সুগারের মাত্রা বাড়ে বা কমে। এ অবস্থার পেছনে কিছু কারণ রয়েছে।
বিশেষজ্ঞরা জানান, রক্তে সুগারের মাত্রা বাড়ার ক্ষেত্রে খাদ্যাভ্যাসই একমাত্র দায়ী নয়। অনেকে সঠিকভাবে ওষুধ গ্রহণ করলেও সুগার ওঠানামা করে। মানসিক চাপ, উদ্বেগ এবং অনিদ্রা এই সমস্যার অন্যতম কারণ।
অনিদ্রা একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে। দিনে ৬ ঘণ্টার কম ঘুম হলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। ঘুমের হরমোন মেলাটোনিনের অভাব ইনসুলিন সংবেদনশীলতা কমিয়ে দেয়, ফলে রক্তে শর্করা সঠিকভাবে শোষিত হয় না।
মানসিক চাপও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্বেগ এবং দুশ্চিন্তা বাড়লে কর্টিসোল হরমোনের মাত্রা বাড়ে, যা ইনসুলিনের কার্যকারিতা কমিয়ে দেয়।
এছাড়া, দীর্ঘ সময় না খেয়ে থাকলেও রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। খালি পেটে লিভার গ্লুকোজের ক্ষরণ বাড়িয়ে দেয়, যা সুগারের মাত্রা বাড়ায়। তাই সময়মতো খাবার গ্রহণ করা অত্যন্ত জরুরি।
