ট্রাম্পের আলোচনার দাবি অস্বীকার করলেন ইরানের পার্লামেন্ট স্পিকার

ট্রাম্পের আলোচনার দাবি অস্বীকার করলেন ইরানের পার্লামেন্ট স্পিকার

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হওয়ার খবর সরাসরি অস্বীকার করেছেন। ইসরাইলি কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছিল, সাম্প্রতিক দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিরা তার সঙ্গে কথা বলেছেন। এমনকি ট্রাম্প নিজেও একই কথা বলেছেন আজ।

এই দাবিকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দেন গালিবাফ। তিনি বলেন, ‘আমাদের জনগণ আগ্রাসনকারীদের সম্পূর্ণ ও অপমানজনক শাস্তি দাবি করছে। এই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সব কর্মকর্তা তাদের নেতা ও জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবেন।’ এখানে তিনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কথা ইঙ্গিত করেছেন বলে ধারণা করা হচ্ছে।

এরপর গালিবাফ স্পষ্ট করে বলেন, ‘আমেরিকার সঙ্গে কোনো আলোচনা হয়নি। ভুয়া খবর ছড়ানো হচ্ছে আর্থিক ও তেলের বাজারকে প্রভাবিত করতে এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইল যে জটিল পরিস্থিতিতে আটকে আছে, সেখান থেকে বের হওয়ার জন্য।’

এর আগে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, যুক্তরাষ্ট্র এমন একজনের সঙ্গে আলোচনা করছে ‘যাকে আমি সবচেয়ে সম্মানিত এবং নেতা বলে মনে করি।’ এমনকি আয়াতুল্লাহর সঙ্গে মিলে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের ঘোষণাও দিয়েছিলেন তিনি। সেসব তো দূর অস্ত, ট্রাম্পের পুরো দাবিকেই ভিত্তিহীন ও ভুয়া বললেন গালিবাফ।

আরও পড়ুন