ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের ক্রু সদস্য খোঁজার তল্লাশি

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের ক্রু সদস্য খোঁজার তল্লাশি

ইরানের দক্ষিণাঞ্চলে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ ক্রু সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিমানটির একজন ক্রুকে উদ্ধার করা হয়েছে, তবে দ্বিতীয় ক্রু সদস্যের জন্য অনুসন্ধান অব্যাহত রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির নিরাপত্তা বাহিনীও বিমানটির ক্রুদের খুঁজে পেতে তল্লাশি চালাচ্ছে। ইরান পারস্য উপসাগরের ওপর আরেকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। মার্কিন প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম বিমানটির উদ্ধার অভিযানের সময় হরমুজ প্রণালির কাছে একটি এ-১০ যুদ্ধবিমান লক্ষ্য করে গুলি করা হয়, তবে এর পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

বিবিসি ভেরিফাইয়ের নিশ্চিত করা একটি ভিডিওতে দেখা গেছে, দক্ষিণ ইরানের খুজেস্তান প্রদেশে কারুন নদীর কাছে একটি মার্কিন বিমান ও দুটি হেলিকপ্টার উড়তে দেখা যাচ্ছিল, যা ক্রুদের জন্য অনুসন্ধান অভিযানের অংশ বলে ধারণা করা হচ্ছে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, এই অভিযানে একজন ক্রুকে উদ্ধার করা হয়েছে।

মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, উদ্ধারকারী দলে দুটি হেলিকপ্টার ও একটি এ-১০ ওয়ার্থগ যুদ্ধবিমান ছিল। এফ-১৫ থেকে উদ্ধার করা পাইলটকে বহনকারী একটি হেলিকপ্টার ছোট অস্ত্রের গুলিতে আঘাতপ্রাপ্ত হয়, যাতে ভেতরের ক্রুরা আহত হন, তবে হেলিকপ্টারটি নিরাপদে অবতরণ করে। এ-১০ আঘাতপ্রাপ্ত হওয়ার পর এর পাইলট পারস্য উপসাগরের ওপর থেকে বেরিয়ে আসেন ও পরে তাকে উদ্ধার করা হয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, তারা একটি এ-১০ যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যদিও এটি সিবিএসের বর্ণিত বিমান কি না তা স্পষ্ট নয়। তল্লাশি অভিযান চলাকালে ইসরাইলি সামরিক বাহিনী ওই এলাকায় হামলা স্থগিত রেখেছে বলে খবর এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনবিসিকে বলেছেন, যুদ্ধবিমানে হামলা ইরানের সাথে আলোচনায় কোনো প্রভাব ফেলবে না।

মার্কিন বিমানবাহিনীর প্যারারেস্কিউ জাম্পারদের এক সাবেক কমান্ডার সিবিএস নিউজকে বলেন, নিখোঁজ ক্রু সদস্য খুঁজতে বিশেষজ্ঞ মার্কিন যুদ্ধকালীন অনুসন্ধান ও উদ্ধার ইউনিটগুলো ব্ল্যাকহক হেলিকপ্টার ব্যবহার করবে। তিনি বলেন, যদি উদ্ধার লক্ষ্যমাত্রা হেলিকপ্টার পৌঁছাতে পারে না এমন এলাকায় থাকে, তাহলে এসি-১৩০ গানশিপ থেকে স্কোয়াডের সদস্যরা নেমে স্থলপথে উদ্ধার অভিযান চালাবে। এই প্যারারেস্কিউ সদস্যদের বিমানবাহিনীর ‘সুইস আর্মি নাইফ’ বলা হয় এবং তাদের কাজ অত্যন্ত বিপজ্জনক বলে তিনি উল্লেখ করেন।

ওদিকে, তেহরান ও সিরিয়াসহ পুরো মধ্যপ্রাচ্যজুড়ে অব্যাহতভাবে হামলার শব্দ শোনা যাচ্ছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইলি হামলায় ইরানের ইস্পাত শিল্পের ৭০ ভাগ উৎপাদন সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। পেন্টাগন নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরুর পর থেকে ৩৬৫ জন মার্কিন সেনা আহত হয়েছেন, যার মধ্যে সেনাবাহিনীর ২৪৭, নৌবাহিনীর ৬৩, মেরিনের ১৯ ও বিমান বাহিনীর ৩৬ জন সদস্য আছেন।

আরও পড়ুন