ইরানে মার্কিন বিমানবাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নিখোঁজ ক্রু সদস্যকে খুঁজে পাওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে। শুক্রবার দক্ষিণ ইরানে এই বিমান ভূপাতিত হয়, যা চলমান ইরান যুদ্ধের ৩৫তম দিনে দুই দেশের সামরিক বাহিনীকে চরম সংঘাতময় পরিস্থিতিতে ফেলেছে।
আন্তর্জাতিক গণমাধ্যম ও পেন্টাগনের সূত্র অনুযায়ী, এফ-১৫ যুদ্ধবিমানে সাধারণত দুজন ক্রু থাকেন, যার মধ্যে একজনকে মার্কিন বিশেষ বাহিনী জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে দ্বিতীয় ক্রু সদস্য এখনো প্রতিকূল পাহাড়ি এলাকায় নিখোঁজ রয়েছেন, এবং তাকে ইরানি বাহিনীর হাত থেকে বাঁচাতে পেন্টাগন ঝুঁকি নিতে নারাজ।
দক্ষিণ-পশ্চিম ইরানের খুজেস্তান এবং পাহাড়ি কোহগিলুয়েহ ও বোয়ের-আহমদ প্রদেশের ওপর দিয়ে মার্কিন সি-১৩০ হারকিউলিস পরিবহন বিমান ও হেলিকপ্টার চক্কর দিতে দেখা গেছে, যা উদ্ধার অভিযানের ইঙ্গিত দেয়। সাবেক মার্কিন সামরিক কর্মকর্তারা বলছেন, শত্রু সীমানায় দীর্ঘ সময় হেলিকপ্টার উড়ানো যেকোনো চরম ঝুঁকি নেওয়ার প্রস্তুতি নির্দেশ করে।
উদ্ধার অভিযানে মার্কিন হেলিকপ্টারগুলো ইরানি বাহিনীর গুলিবর্ষণের মুখোমুখি হয়েছে, এবং পেন্টাগনের দাবি অনুযায়ী, গুলিতে কয়েকজন মার্কিন উদ্ধারকারী আহত হয়েছেন। অন্যদিকে, ইরান নিখোঁজ মার্কিন ক্রুকে যেকোনো মূল্যে নিজেদের হেফাজতে নিতে মরিয়া, যা ওয়াশিংটনের জন্য মনস্তাত্ত্বিক পরাজয় হতে পারে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও গণমাধ্যম নাগরিকদের নিখোঁজ ক্রুকে ধরার জন্য আহ্বান জানিয়েছে, যেখানে রাষ্ট্রীয় টিভির উপস্থাপক জীবিত ধরতে পারলে সরকারি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এছাড়া এক ধনাঢ্য ব্যবসায়ী জীবিত ধরতে পারলে ৬০ হাজার ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছেন।
গত ৫ সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে এই প্রথম মার্কিন বিমানবাহিনীর মানববাহী যুদ্ধবিমান ইরানের মূল ভূখণ্ডে ভূপাতিত হলো। এর আগে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আকাশ আধিপত্যের দাবি করলেও, এফ-১৫ই বিমানের পতন সেই দাবিকে প্রশ্নের মুখে ফেলেছে।
