বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বিএনপির রাজনীতিকে মুনাফেকি ও সুবিধাবাদের রাজনীতি বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, জুলাই বিপ্লবের রক্তের ওপর দাঁড়ানো নতুন বাংলাদেশে এ ধরনের রাজনীতি মানুষ আর সহ্য করবে না।
শনিবার রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা মহানগর শাখার আয়োজিত এক সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দলের অবস্থানের প্রতিবাদে এবং গণরায় বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মামুনুল হক বলেন, সরকারের ক্ষমতা বৃদ্ধিকারী অধ্যাদেশ বিএনপির পছন্দ, কিন্তু জাতির কাছে জবাবদিহি করতে বাধ্য করে এমন প্রস্তাবনা তাদের অপছন্দ। তিনি অভিযোগ করেন, নির্বাচন-পূর্ববর্তী সময়ে বিএনপি প্রকাশ্যে এক কথা বললেও নেপথ্যে ভিন্ন আচরণ করেছে।
বিএনপি প্রধানের উদ্দেশে তিনি বলেন, তলে তলে এক কথা আর প্রকাশ্যে আরেক কথা বলাকে মুনাফেকি বলা হয়। বিএনপির রাজনীতির দুটি বুনিয়াদ হলো মুনাফেকি ও সুবিধাবাদ।
তিনি আরও বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন এবং গণরায়কে হাইকোর্ট দেখানো হলে দেশের মানুষ রাজপথে মোকাবিলা করবে। ৭০ শতাংশ জনগণের বিপক্ষে গিয়ে ক্ষমতায় টিকে থাকা যাবে না।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সন্তানের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, জনতার বিরুদ্ধে গিয়ে নির্বাচনের চেষ্টা করলে তার পরিণাম ভোগ করতে হবে। অতীতের ভুলের খেসারত ২৫ বছর ধরে গুম-খুন ও হত্যার শিকার হতে হয়েছে।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, এনসিপির সদস্যসচিব আকতার হোসেন এমপি এবং লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা বায়তুল মোকাররম থেকে নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়।
