পদত্যাগ ও তদন্তের চাপে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

পদত্যাগ ও তদন্তের চাপে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্ব চাপের মুখে রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে বোর্ডের সাতজন পরিচালক পদত্যাগ করেছেন, যার মধ্যে গত তিন সপ্তাহে ছয়জন সরে দাঁড়িয়েছেন। গত রবিবারের সভার পর চারজন পদত্যাগ করেছেন, যা প্রশাসনের অস্থিরতা ফুটিয়ে তুলছে।

বিদায়ী পরিচালকরা তাদের পদত্যাগপত্রে ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করলেও, নাম প্রকাশ না করার শর্তে ‘দ্য ডেইলি স্টার’কে অনেকে ভিন্ন কথা জানিয়েছেন। তাদের মতে, সীমিত প্রভাব, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পরামর্শের অভাব এবং রাজনৈতিক সমর্থন না থাকায় তারা ক্ষুব্ধ ছিলেন। একজন পরিচালক বলেন, ‘সভাপতি বা অন্য কেউ বিভাগগুলোতে আলোচনা ছাড়াই পরিবর্তন আনছেন। যদি আমাদের জানানোই না হয়, তবে আমাদের ভূমিকা কী?’

বুলবুলের উদ্বেগের সঙ্গে যুক্ত হয়েছে গতকাল জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) জমা পড়া একটি তদন্ত প্রতিবেদন। গত বছরের বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে গত ১১ মার্চ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছিল এনএসসি। প্রতিবেদন জমা দেওয়ার পর আসাদুজ্জামান বলেন, ‘আমরা কাউকে অভিযুক্ত না করে একটি নিরপেক্ষ প্রতিবেদন জমা দিয়েছি। এটি নির্বাচনের প্রক্রিয়াকে বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করেছে।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে সরকার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে আলোচনা করবে। তিনি বলেন, ‘আজ সকালে প্রতিবেদনটি জমা হয়েছে। আমরা ইতিমধ্যে আন্তঃমন্ত্রণালয় সভায় এটি নিয়ে আলোচনা করেছি। আমরা আইসিসিকে অবহিত করব এবং এরপর পরবর্তী সিদ্ধান্ত নেব।’

বাড়তে থাকা পদত্যাগ, অভ্যন্তরীণ অসন্তোষ এবং তদন্ত প্রতিবেদনের প্রভাবে বিসিবি এখন এক ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে। আগামী কয়েক সপ্তাহ বোর্ড এবং এর সভাপতির জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বুলবুল সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালকদের প্রস্থান প্রসঙ্গে ঘোষণা করেছেন, ‘সবার শেষে যাওয়ার ব্যক্তিটি হব আমিই।’

আরও পড়ুন