মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য মঙ্গলবারের সময়সীমাই চূড়ান্ত। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের বিপরীতে ইরানের সাড়া উল্লেখযোগ্য হলেও তা যথেষ্ট নয়। তিনি বলেন, তারা একটি প্রস্তাব দিয়েছে এবং এটি উল্লেখযোগ্য প্রস্তাব। এটি বড় পদক্ষেপ হলেও যথেষ্ট ভালো নয়।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তারা যদি যা করার কথা তা করে, তাহলে যুদ্ধ খুব দ্রুত শেষ হতে পারে। তাদের নির্দিষ্ট কিছু কাজ করতে হবে। তারা সেটি জানে এবং আমি মনে করি, তারা সদিচ্ছা নিয়েই আলোচনা করছে।’
যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, তার কাছে ‘অনেক বিকল্প’ রয়েছে। তিনি বলেন, ‘আমরা এখনই চলে যেতে পারি এবং তাদের যা ছিল তা পুনর্গঠন করতে ১৫ বছর সময় লাগবে। আমরা এখনই চলে যেতে পারতাম। কিন্তু আমি এটি শেষ করতে চাই। ইরান…পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না।’
ট্রাম্প এবং অন্যান্য শীর্ষ মার্কিন কর্মকর্তাদের বারবার দাবি সত্ত্বেও ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার কথা অস্বীকার করে আসছে। ইরানের বিশাল তেল সম্পদের দখল নেওয়ার বিষয়ে ট্রাম্প বলেন, ‘এটি দখল করার মতোই অবস্থায় আছে। এ বিষয়ে তাদের কিছুই করার নেই।’
তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত, আমেরিকার মানুষ চায় আমরা দেশে ফিরে আসি। এটি আমার ওপর নির্ভর করলে আমি তেল নিয়ে নিতাম। আমি তেল নিজের কাছে রাখতাম। আমি প্রচুর অর্থ উপার্জন করতাম।’
