বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল বলেছেন, চব্বিশের জুলাই বিপ্লবী প্রজন্ম আগামী ৩০ থেকে ৪০ বছর দেশে রাজনীতি করবে। তিনি বলেন, বিএনপি আওয়ামী লীগ হতে চাইলেও হতে পারবে না।
সোমবার সন্ধ্যায় রংপুর মহানগর ছাত্রশিবির আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন বিএনপির দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করে না। এদেশের শতকরা ৭০ ভাগ মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছিল।
রেজাউল করিম শাকিল বলেন, ছাত্রশিবিরের জনশক্তি আওয়ামী লীগের ঘুম হারাম করেছিল। আপনারা গণভোটের বিপক্ষে অবস্থান নিলে, শান্তিতে ক্ষমতায় থাকার স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করা হবে। তিনি বলেন, আমরা বিশ্বাস করেছিলাম গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার ফ্যাসিবাদী কাঠামো বিলোপ হবে।
তিনি আরও বলেন, বিএনপি তাদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের রক্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পতিত শেখ হাসিনার পথে হাঁটা শুরু করেছে। স্বাধীনতার পর থেকে বিএনপি বারংবার প্রতারণার আশ্রয় নিয়েছে। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর তারা ক্ষমতায় এসে জনগণের সাথে প্রতারণা করেছে।
রেজাউল করিম শাকিল বলেন, শেখ হাসিনার ক্ষমতার সূচনাকালে ২০১৩ সালে খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসি ঘোষণা করলে ছাত্রশিবিরের শহীদ মনসুর জীবন দিয়েছে। সেই আন্দোলনে বিএনপির কাউকে দেখা যায়নি। বিএনপি যে সংবিধানের দোহাই দিচ্ছে, সেই সংবিধান তার দলীয় নেত্রীর বাসার সামনে থেকে বালুর ট্রাক সরাতে পারেনি।
এর আগে, বিকেলে গণভোটের রায় বাস্তবায়নে সরকারের টালবাহানার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল বের করে মহানগর ছাত্রশিবির। মিছিলটি নগরীর টাউন হল থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ছাত্রশিবিরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শাখার সদস্যরা গণভোটের জনরায় বাস্তবায়নে নানা প্লাকার্ড হাতে নিয়ে অংশ নেন।
মিছিল শেষে রংপুর প্রেসক্লাব চত্বরে ছাত্রশিবির মহানগরের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবির জেলা সভাপতি হামিদুল ইসলাম, সেক্রেটারি হানিফুর রহমান স্বাধীন, কারমাইকেল কলেজের সভাপতি মাহমুদুল হক মাসুম।
