সরকারের আহ্বানে সাড়া: বিদ্যুৎ বাঁচাতে নিউজিল্যান্ড সিরিজের সময়ে পরিবর্তন

বিদ্যুৎ সাশ্রয়ে বাংলাদেশ সরকারের আহ্বানে সাড়া দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ক্রিকেট সিরিজের সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি। কমিটির প্রধান তামিম ইকবাল জানিয়েছেন, কৃত্রিম আলো কম ব্যবহার করে ম্যাচগুলো দিনের আলোতে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।

আগামী সোমবার বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড দল, যারা তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচগুলো দুপুর ২টায় শুরু হওয়ার কথা ছিল, যা ফ্লাডলাইট ব্যবহারের প্রয়োজন তৈরি করত। টি-টোয়েন্টি ম্যাচগুলো সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা থাকায় পুরো খেলাই কৃত্রিম আলোর নিচে অনুষ্ঠিত হতো।

বুধবার মিরপুরে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির প্রথম সভার পর সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, ‘বাংলাদেশ সরকার উৎসাহ দিচ্ছে, আমরা যতটুকু বিদ্যুৎ সাশ্রয় করতে পারি, যতটুকু এই ক্ষেত্রে আমরা সবাই মিলে জাতি হিসেবে সাহায্য করতে পারি। এই বিষয়গুলো মাথায় রেখে আমরা নিউজিল্যান্ড সিরিজের ম্যাচের সময় পরিবর্তন করছি। আমরা যতটুকু সম্ভব কৃত্রিম আলোর নিচে খেলা কম রাখার চেষ্টা করব।’

তিনি যোগ করেন, ‘ওয়ানডে ম্যাচটা হয়তো সকাল ১১টা বা সাড়ে ১১টা থেকে শুরু হতে পারে। টি-টোয়েন্টি ম্যাচ হয়তো দুপুর ২টা বা আড়াইটা থেকে শুরু হতে পারে। নির্দিষ্ট সময়সূচি সামনের দিনগুলোতে জানানো হবে। যদি ফ্লাডলাইট ব্যবহার করতেও হয়, তবে তা যেন একদমই কম সময়ের জন্য করা হয়, যাতে আমরা যতটা সম্ভব বিদ্যুৎ বাঁচাতে পারি।’

সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বোর্ডের স্থায়ী কমিটির চেয়ারম্যানদের নাম ঘোষণার পাশাপাশি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ঘরোয়া পর্যায়ের নারী ও পুরুষ ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্তের কথাও জানান।

আরও পড়ুন