আগামী ১০ এপ্রিল থেকে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপ শুরু হচ্ছে। এই সংলাপকে কেন্দ্র করে ইরানকে নতুন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেছেন, সংলাপ চলাকালেও ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বহাল থাকবে। তিনি স্পষ্ট করেছেন, ইরান যদি সমঝোতা চুক্তিতে না পৌঁছায়, তাহলে ফের সামরিক অভিযান শুরু করা হবে দেশটিতে।
গতকাল বুধবার ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, ‘সব মার্কিন যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, সেনাসদস্য, গোলাবারুদ, অস্ত্রশস্ত্র বর্তমানে যে জায়গায় আছে, সেখানেই থাকবে। যতদিন পর্যন্ত ইরান একটি সত্যিকার সমঝোতা চুক্তিতে না পৌঁছাচ্ছে, ততদিন এই অবস্থা থাকবে।’
তিনি আরও বলেন, ‘আর যদি কোনো কারণে ইরান চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে ফের হামলা শুরু হবে এবং সেই হামলা এত ব্যাপক, শক্তিশালী ও তীব্র হবে যা কেউ কোনোদিন দেখেনি।’
পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটনের ১৫ পয়েন্ট বিশিষ্ট যুদ্ধবিরতি প্রস্তাব এবং ইরানের ১০ দফা দাবি সম্বলিত প্রস্তাব নিয়ে আগামী ১০ এপ্রিল ইসলামাবাদে সংলাপে বসতে যাচ্ছে মার্কিন ও ইরানি প্রতিনিধি দল।
এই সংলাপে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম জানিয়েছেন, আজ রাতেই ইসলামাবাদের উদ্দেশে রওনা দিচ্ছেন ইরানি প্রতিনিধি দল।
