ঢাবির বহিষ্কৃত ছাত্রদল নেতা মাহি চৌধুরীর দুই দিনের রিমান্ড

ঢাবির বহিষ্কৃত ছাত্রদল নেতা মাহি চৌধুরীর দুই দিনের রিমান্ড

ফেসবুকে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল ছাত্রদলের আহ্বায়ক সদস্য (বহিষ্কৃত) মাহি চৌধুরী অর্ণবকে দুই দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপ-পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, এটি একটি সংঘবদ্ধ চক্রের কাজ এবং আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন, রাষ্ট্র পক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১ জুন থেকে শুরু করে বিভিন্ন সময়ে ফেসবুকের একটি ‘ইনভেস্টর গ্রুপ’ এর সূত্র ধরে মাহির সঙ্গে বাদীর বড় ভাই মো. শাকিরুল ইসলাম হিমেলের পরিচয় হয়। মাহি নিজেকে একটি ক্যাটারিং ও এক্সেসরিজ ব্যবসার অংশীদার দাবি করে হিমেলকে বিনিয়োগে উৎসাহিত করেন।

তার কথায় বিশ্বাস করে হিমেল বিভিন্ন সময়ে ব্যাংক অ্যাকাউন্ট ও নগদে মোট ৩৮ লাখ ২৮ হাজার ১৫০ টাকা প্রদান করেন। কিন্তু লভ্যাংশ বা মূল টাকা ফেরত না দিয়ে মাহি আত্মগোপন করেন। গত ৪ এপ্রিল ভুক্তভোগীরা টাকা ফেরত চাইতে গেলে আসামিরা তাদের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয়।

ওই ঘটনায় বাদী মো. সামসুল হক তুষার গত ৫ এপ্রিল কাফরুল থানায় মামলাটি করেন। মামলায় মাহি চৌধুরী এবং তার বাবা নাজমুল করিম চৌধুরীসহ তিনজনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন